ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় সংস্কার, আসছে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় সংস্কার, আসছে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী
×

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৭:২৬

প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, নতুন নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হবে। এর মাধ্যমে এ খাতের সংশ্লিষ্ট সবার জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

রোববার বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করে এর সুফল দৃশ্যমান করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান কারিগর হবে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা। এ জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার। প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন।

আরও পড়ুন

×