ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

২০ একর জমি দখলের চেষ্টা, মুখোমুখি দুই পক্ষ

২০ একর জমি দখলের চেষ্টা, মুখোমুখি দুই পক্ষ
×

প্রতীকী ছবি

 সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১০:৩৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ১১:১৪

সুনামগঞ্জের দিরাইয়ে প্রায় ২০ একর পতিত জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধের জেরে হামলায় দুজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক পক্ষ দিরাই থানায় লিখিত অভিযোগ করার পর রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ করেছেন। অভিযোগকারী নির্মল তালুকদার উপজেলার রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর ভাষ্য, হামলার ঘটনায় তিনি ও মনোরঞ্জন তালুকদার আহত হয়েছেন।

নির্মল তালুকদারের অভিযোগে বলা হয়, রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও ও সুনামপুর গ্রাম-সংলগ্ন প্রায় ২০ একর পতিত জমি দীর্ঘদিন স্থানীয় লোকজন গোচারণভূমি, কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে আসছেন। গত ২১ আগস্ট দুপুর ২টার দিকে কয়েকজন ব্যক্তি বালু বোঝাই স্টিলের নৌকা, পাইপ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ওই জমিতে গিয়ে বালু দিয়ে ভরাটের প্রস্তুতি নেন। এ সময় নির্মল তালুকদারসহ স্থানীয় লোকজন এতে আপত্তি জানান। পরে বালু ভরাটের কাজ বন্ধ করে নৌকা ও সরঞ্জাম নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন এবং নির্মল তালুকদারকে দেখে নেওয়ার হুমকি দেন। পরদিন দুপুর ২টার দিকে বাংলাবাজার এলাকায় নির্মল তালুকদার ও মনোরঞ্জন তালুকদারের ওপর দলবদ্ধভাবে হামলা করা হয়। রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করা হয়।

এ ঘটনায় নির্মল তালুকদার বাদী হয়ে শনিবার দিরাই থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল রোববার একই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। ইউএনওর কাছে দেওয়া অভিযোগে জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা বন্ধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

তবে অভিযোগ বিষয়ে ভিন্ন দাবি করেছেন বিবাদী নুর হামিদ। তিনি বলেন, জায়গাটি খাস নয়। তারা ২০১২ সালে ভাটিপাড়ার জমিদাবাড়ির বংশধরদের কাছ থেকে জমিটি কিনেছেন। মিফতা উদ্দিন চৌধুরীসহ ১০-১২ জন মালিকের কাছ থেকে মাছিমপুর, রফিনগর, মির্জাপুর ও ছাদিরপুর গ্রামের ৭০-৮০ পরিবারের লোকজন মিলে জমিটি কেনা হয়েছে। জমির নামজারিও করা হয়েছে। দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে।

ইউএনও সনজীব সরকার বলেন, বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদী।

আরও পড়ুন

×