হোমনা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (উপরে) পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (নিচে)
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১৪:৪৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ১৫:৪৯
সম্মেলনের প্রায় দেড় বছর পর কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
উপজেলা বিএনপির কমিটিতে ১৭৩ জন এবং পৌর বিএনপির কমিটিতে ১৬২ জনকে রাখা হয়েছে। পাশাপাশি পৌর বিএনপির ১৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
গত বছরের ৮ ফেব্রুয়ারি হোমনা উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল) এবং পৌর বিএনপির সভাপতি হিসেবে মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক হিসেবে মো. নজরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছিল।
পূর্ণাঙ্গ কমিটিতে মো. মোহাম্মদ মহিউদ্দিনকে উপজেলা বিএনপির সভাপতি, মো. জাকির হাসানকে সিনিয়র সহসভাপতি এবং মো. মোজাম্মেল হককে (ভিপি মুকুল) সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও সহসম্পাদকীয় পদ রাখা হয়েছে। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পৌর বিএনপির সভাপতি হয়েছেন মো. সানাউল্লাহ সরকার, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এ কমিটিতেও বিভিন্ন সম্পাদকীয় ও সহসম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন ওয়ার্ড ও এলাকার নেতাকর্মীদের নির্বাহী সদস্য করা হয়েছে। ইঞ্জিনিয়ার মো. আক্তারুজ্জামানকে প্রধান উপদেষ্টা করে ১৩ সদস্যের পৌর বিএনপির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
- বিষয় :
- কমিটি ঘোষণা
- বিএনপি
- কুমিল্লা