দুই নেতাকে অব্যাহতি দিল জামায়াত
কেশবপুরে ইমাম-খাদেমের তালিকা
ফাইল ছবি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১৭:৫০
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে যশোরের কেশবপুরে জামায়াতে ইসলামীর দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার রাতে দলীয় সিদ্ধান্তে তাদের সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে।
এই দুই নেতা হলেন– উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাসুদ কামাল ও ২ নম্বর গড়ভাঙ্গা ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্ম মন্ত্রণালয় থেকে প্রতি মাসে ইমামদের পাঁচ হাজার, মুয়াজ্জিনদের তিন হাজার ও খাদেমদের দুই হাজার টাকা করে সম্মানি দেওয়ার জন্য তালিকা চাওয়া হয়েছে। কেশবপুরে প্রথম পর্যায়ে প্রতি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদের তালিকা হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন প্রতি ৮টি মসজিদের তালিকা বিএনপি নেতারা করবেন। আর ৭টি মসজিদের তালিকা যশোর-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলীর পক্ষ থেকে যাবে। সংসদ সদস্যের অংশের ৭৭টি মসজিদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট ইউনিয়ন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
অভিযোগ রয়েছে, গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের প্রকৃত ইমাম মাওলানা আব্দুল রহমান ও খাদেম আব্দুল রাজ্জাকের নাম বাদ দিয়ে কৌশলে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও জামায়াত নেতা তবিবুর রহমানকে ‘ইমাম’ ও গড়ভাঙ্গা ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লার নাম ‘খাদেম’ হিসেবে তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গত ১৮ আগস্ট দৈনিক সমকালে ‘ইমাম-খাদেমের তালিকায় ভুয়া নাম, জামায়াত নেতারা তালিকায় প্রকৃত ইমাম-খাদেম বাদ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়। পরে উপজেলা জামায়াতে ইসলামী তদন্ত কমিটি গঠন করে।
জামায়াত সূত্র জানায়, এ বিষয়ে স্থানীয় লোকজন সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই মসজিদের বদলে অন্য মসজিদের নাম তালিকায় যুক্ত করেন। পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি রক্ষায় উপজেলা জামায়াতের নেতৃত্ব ওই দুই নেতাকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ সমকালকে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তারা জামায়াতের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না।
- বিষয় :
- যশোর
- জামায়াতে ইসলামী
- অব্যাহতি