ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিশুকন্যা গলা কেটে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

শিশুকন্যা গলা কেটে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
×

প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১৮:০১

মৌলভীবাজারে সাড়ে তিন বছরের প্রতিবন্ধী শিশুকন্যা রুনাকে গলা কেটে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত জজ আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরীফ আলী জেলার কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের আরিফ আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে শরীফ আলী তাঁর প্রতিবন্ধী মেয়ে রুনাকে গলা কেটে হত্যা করেন। পরে প্রতিপক্ষ ছালেককে ফাঁসাতে হত্যাকাণ্ডের দায় তাঁর ওপর চাপানোর চেষ্টা চালান। তবে শরীফ আলীর স্ত্রী নেকজান বিবি নিজ স্বামীকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আসামি শরীফ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং জরিমানা হিসেবে প্রাপ্ত ৫০ হাজার টাকা বাদীকে প্রদানের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় বাদীপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুল আহাদ এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. শাহে আলম। মো. আব্দুল আহাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×