ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

খাস জমিতে টিনের বাড়ির আড়ালে পাকাবাড়ি নির্মাণ

খাস জমিতে টিনের বাড়ির আড়ালে পাকাবাড়ি নির্মাণ
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১৮:৩৭

জয়পুরহাটের কালাইয়ে খাস জায়গা দখলে নিয়ে পাকা বাড়ি নির্মাণ কাজ করার অভিযোগ ওঠেছে নূর আলম ওরফে নূরা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পৌরশহরের মূলগ্রাম পূর্বপাড়া মহল্লায় ঘটেছে। এ ঘটনায় প্রতিবেশীরা খাস জায়গা উদ্ধার করতে উপজেলা ও পৌরসভায় অভিযোগ দিয়েছেন। 

সোমবার দুপুরে মূলগ্রাম পূর্বপাড়া মহল্লায় সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারি খাস খতিয়ানভুক্ত ১০৮৮ দাগের ৮ শতাংশ জমির ওপর টিনের বসতবাড়ি তৈরি করে বসবাস করছেন তিন ভাই। তাদের মধ্যে নূর আলম তাঁর টিনের ঘরের আড়ালে পাকা বাড়ি নির্মাণ করতে কলাম ওঠানোর কাজ শুরু করেছেন। ইতোমধ্যে গ্রেডবিম পর্যন্ত ওঠানো হয়েছে। বর্তমানে ওইভাবেই কাজ চলমান রয়েছে। 

অভিযোগের সত্যতা নিশ্চিত করে নূর আলম বলেন, ‘আমি একজন ভূমিহীন। বিগত ৩৫-৪০ বছর ধরে আমি পরিবার নিয়ে এই জায়গায় বসবাস করে আসছি। এটাও জানি এই জায়গা সরকারি খাস। টিনের বাড়িটি নড়বড় হয়ে গেছে। তাই নতুন করে ইট দিয়ে বাড়িটি নির্মাণ করছি। আমার আর কোনো জায়গা-জমি নেই, এই ঘরেই থাকি। সবকিছুই আপনারা দেখছেন। আমার আর বলার কিছু নেই।’ 

আরেক ভাই নূর মোহাম্মদ বলেন, আমাদের বাপ-দাদার আমল থেকে এখানে আমরা তিন ভাই পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছি। আমাদের কোনো জায়গা-জমি নেই। আমরা আসলে যাব কোথায়?
 
কালাই সদর ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) বিমল চন্দ্র বলেন, গত রোববার সরেজমিন গিয়ে খাস জায়গার ওপর টিনের বাড়ির আড়ালে ইটের বাড়ি নির্মাণের সত্যতা পাওয়া গেছে। তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই সঙ্গে চলমান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। 

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।     

আরও পড়ুন

×