ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি: খুলনাকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

ডেঙ্গু পরিস্থিতি: খুলনাকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ২০:০৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ২০:০৯

খুলনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় নগরীকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। একই সঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, পর্যাপ্ত প্লাটিলেট সরবরাহ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন দলটির নেতারা।

সোমবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির এক জরুরি সভায় এসব দাবি জানানো হয়।

সভায় নেতারা বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় খুলনা এখন ডেঙ্গুর ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। গত এক সপ্তাহে আইনজীবী ও চিকিৎসাধীন এক গৃহবধূসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদীর সভাপতিত্বে সভায় দক্ষিণ আফ্রিকা থেকে অনলাইনে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। এ সময় মো. মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, শরিফুল ইসলাম টিপু, মিজানুর রহমান মিলটন ও জাকির ইকবাল বাপ্পিসহ নেতারা বক্তব্য দেন। 

সভায় নেতারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক), জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শয্যা সংকটের কথা তুলে ধরেন। তারা বলেন, শয্যা না পেয়ে অনেক রোগী হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এমনকি শিশু ওয়ার্ডেও ডেঙ্গু রোগীদের গাদাগাদি করে রাখতে হচ্ছে।

মশক নিধন কার্যক্রম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, কার্যকর ব্যবস্থা না নিয়ে লোকদেখানো ফগিংয়ের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। শুধু ফগিংয়ের ওপর নির্ভর না করে নগরীর প্রতিটি ওয়ার্ডের গলি, ড্রেন ও জলাশয়ে লার্ভিসাইড ছিটানো এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদারের দাবি জানান তারা।

নেতারা আরও বলেন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকায় অনেক রোগী বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। এতে সাধারণ মানুষকে বাড়তি আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।

ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথাও জানানো হয় সভায়। নগরীর বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণা চালানোর পাশাপাশি বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে মশার ওষুধ ছিটানোর সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ডেঙ্গু রোগীদের জরুরি রক্তের চাহিদা মেটাতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচি এবং চিকিৎসাসেবা দিতে একটি বিশেষ মেডিকেল টিম বা সেবা সেল গঠন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মাসে খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪০ জন ভর্তি হয়েছেন। এর বাইরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৮৩ জন। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের।

আরও পড়ুন

×