নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
প্রতীকী ছবি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০০:৩৭
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ডুইল্যাঝিরি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে।
স্থানীয়রা জানান, সীমান্তের কাঁটাতার পার হয়ে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে যান সাইফুল। সেখানে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক মো. সাইফুলের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে।
- বিষয় :
- বান্দরবান
- মাইন বিস্ফোরণ
- নিহত