সিংড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৪:৩৩
নাটোরের সিংড়ায় নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর আনোয়ার হোসেন (৩৩) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ভোগা এলাকার পানাগাড়ী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাত-পা ও মুখ বাঁধা ছিল।
নিহত আনোয়ার হোসেন উপজেলার শেরকোল ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের গেদু মণ্ডলের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শেরকোল বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকসহ নিখোঁজ হন আনোয়ার হোসেন। রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সন্ধ্যার আগে পুলিশ তার মরদেহের সন্ধান পায়।
নিহতের মামা ইয়ানুর আলী বলেন, প্রায় তিন বছর আগে ঢাকা থেকে এলাকায় ফিরে ইজিবাইক কিনে চালানো শুরু করেন আনোয়ার। তার ইজিবাইকটির মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরিবারের ধারণা, রোববার সন্ধ্যায় যাত্রীবেশে ছিনতাইকারীরা শেরকোল বাসস্ট্যান্ড থেকে ভাড়া নিয়ে তাকে নিয়ে যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিখোঁজ ইজিবাইক চালক আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা ও মুখ বাঁধা ছিল এবং মুখের ভেতর ঘাস ঢোকানো ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
- বিষয় :
- নাটোর
- সিংড়া
- মরদেহ উদ্ধার