সাভারে ওরস বন্ধের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে স্মারকলিপি
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৫:১৯
সাভারে একটি ওরস বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিএনপি, জামায়াত, হেফাজতসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠনের নেতারা। সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার ওরসটি হওয়ার কথা।
‘তৌহিদি জনতা’র ব্যানারে দেওয়া ওই স্মারকলিপিতে জাবের আল-জাহাঙ্গীরের বিরুদ্ধে ওরসে ইসলামবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। গত রোববার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাভার মডেল থানায় এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে স্বাক্ষরকারীরা হলেন, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহা. আবুল খায়ের বেপারী, সিনিয়র সহসভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সেক্রেটারি পদপ্রার্থী মোহাম্মদ মঞ্জু মোল্লা, জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তর শাখার আমির মাওলানা আলী আকবর কাসেমি, মহাসচিব মাওলানা আলী আজম সাহেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম কাসেমি, জমিয়তে উলামায়ে ইসলামের থানা শাখার সভাপতি মাওলানা আলী আশরাফ তৈয়ব এবং চাকুলিয়ার পীর সাহেব মাওলানা তৈয়বুর রহমান খান।
স্মারকলিপিতে জাবের আল-জাহাঙ্গীরের বিরুদ্ধে নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম ও কেয়ামত নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি অভিযোগকারীদের। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
এ বিষয়ে জাবের আল-জাহাঙ্গীর জানান, তৌহিদী জনতার ব্যানারে যে সব অভিযোগ আনা হয়েছে বিরুদ্ধে তা সম্পূর্ণ মিথ্যা। আমার ধর্ম দর্শন আলাদা থাকতেই পারে। আমারও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তাঁর পরিবারের সদস্যসহ অনেকে আহত হন। বাড়িঘর ও যানবাহন ভাঙচুর এবং লুটপাট করা হয়। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের করা মামলার পর তিনি পাল্টা মামলা করেন।
জাবের আল জাহাঙ্গীর বলেন, আমার বাবার ওফাত উপলক্ষে প্রায় ১৯ বছর আমাদের বাড়িতে ঘরোয়াভাবে ওরস হয়ে আসছে। এবারও বাড়ির সীমানার ভেতরে অনুষ্ঠান করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর আশঙ্কা, ওরসকে কেন্দ্র করে তাঁর বাড়িতে আবার হামলা হতে পারে। এ বিষয়ে তিনি থানায় জিডি করেছেন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়েও বিষয়টি জানিয়েছেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি বলেন, জাবের আল-জাহাঙ্গীরের সঙ্গে তাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। কিন্তু ইসলামের নামে তিনি অপব্যাখ্যা করছেন এবং কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন।
হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তর শাখার মহাসচিব মাওলানা আলী আজম সাহেদ বলেন, ওই এলাকা তাদের কাছাকাছি হওয়ায় সেখানকার মুসল্লি ও আলেম-ওলামারা মাঝে মধ্যে তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সাভার থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।
সাভারের ইউএনও সাইফুল ইসলাম বলেন, যারা অভিযোগ নিয়ে এসেছিলেন, তাদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাভার থানার ওসি মো. সাইফুল আলম বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
- বিষয় :
- সাভার
- ওরস
- স্মারকলিপি