ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বালু উত্তোলন, চ্যানেল চার্জ আদায় নিয়ে বিএনপির দুই পক্ষ মুখোমুখি

বালু উত্তোলন, চ্যানেল চার্জ আদায় নিয়ে বিএনপির দুই পক্ষ মুখোমুখি
×

মানিকগঞ্জের হরিরামপুর যুবদলের সদস্য সচিব শাহীন মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজি, জমিদখল, লটুপাট ও হত্যার হুমকির প্রতিবাদে ঝাড়ু মিছিল থানার সামনে গেলে তা পুলিশ আটকিয়ে দেয় সমকাল

মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৭:৫০

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে বালু উত্তোলন ও নৌ চ্যানেলে চার্জ আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ থানা ঘেরাও কর্মসূচি পালন করে। অন্যপক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধা ও যুবদলের সদস্য সচিব শাহীন মোল্লার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। দুপক্ষের কর্মসূচি চলাকালে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। থানার পাশ থেকেই উদ্ধার হয় চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধা, বিএনপি নেতা মোশাররফ হোসেন, যুবদলের আহ্বায়ক আব্দুল হাই পিয়ারা, সদস্য সচিব শাহীন মোল্লা, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক গালা ইউনিয়নের চেয়ারম্যান সফিক বিশ্বাস, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমানে নেতৃত্বে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।
একই সময়ে এলাকাবাসীর ব্যানারে বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা বাদল হোসেনের নেতৃত্বে উপজলা পরিষদ সামনে থেকে ঝাড়ু মিছিল বের হয়। ওই মিছিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধা ও যুবদলের সদস্য সচিব শাহীন মোল্লার বিরুদ্ধে নৌ চ্যানেলে চাঁদাবাজি সন্ত্রাস ও জমি দখলের প্রতিবাদে স্লোগান দেওয়া হয়। মিছিলটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে থানার সামনে যায়। থানার সামনে উভয়পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মিছিলের পেছনে একটি ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এক পর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর শাহীন মোল্লার লোকজন পিছু হটেন।

এর পর ঝড়ু মিছিলটি পুনরায় উপজেলা পরিষদের সমানে এসে মানববন্ধনে অংশ নেয়। এ সময় বাদল হোসেন বলেন, যুবদল নেতা শাহীন মোল্লা দীর্ঘদিন এলাকায় জমি দখলসহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে আসছেন। বিশেষ করে পদ্মা নদীর বালুমহাল ও বাল্কহেড থেকে চাঁদাবাজি করছেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে আমরা এলাকাবাসীর ব্যানারে ঝাড়ু মিছিল হয়েছে। মিছিলে শাহীন মোল্লা ও হান্নান মৃধার লোকজন ককটেল বিস্ফোরণ ও গুলি করেছে। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত এলাকায় কোনো সন্ত্রাস চাঁদাবাজ থাকতে পারবে না।
অন্যদিকে থানা ঘেরাও কর্মসূচিতে বিএনপি নেতা মোশাররফ হোসেন বলেন, বৈধ নৌ চ্যানেলে চার্জ আদায় করতে গেলে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতায় বিএনপির নামধারী একটি গ্রুপ দলীয় নেতাকর্মীদের মারধর করছে। তাদের বিরুদ্ধের মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আমাদের দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হান্নান মৃধা ও শাহীন মোল্লার নেতৃত্বে নেতাকর্মীরা রয়েছেন স্থানীয় এমপি মঈনুল ইসলামের পক্ষে। এই পক্ষটি নৌ চ্যানেলের চার্জ আদায়ের দায়িত্বে রয়েছে। কর্মসূচি চলাকালে তারা সংসদ সদস্যের পক্ষে স্লোগান দেন। অন্যদিকে বালুমহালের ইজারাদার ধুলশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বিল্লাল খানের সঙ্গে রয়েছেন হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান শিপুসহ দলীয় নেতাকর্মীরা। এই পক্ষটি খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার পক্ষে। ঝাড়ু মিছিল চলাকালে তারা মন্ত্রীর নামে স্লোগান দেন।
হরিরামপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, গত ২১ আগস্ট নদীতে চার্জ আদায়কে কেন্দ্র করে দুপক্ষ হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দুপক্ষের মামলা রেকর্ড করা হয়। দুগ্রুপের মধ্যে যেন কোনো সংঘর্ষ না হয় এর জন্য পুলিশ সর্তক অবস্থায় ছিল। ককটেল বিস্ফোরণ ও গুলির বিষয়টি জানা নেই। থানার পাশ থেকে চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×