শিশুর সন্তান জন্মদান, মাদ্রাসা শিক্ষকের সঙ্গে মিলল ডিএনএ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৮:২৯
| প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে ধর্ষণ মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএর মিল পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নূরুল কবির রুবেল। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে আসামির ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া গেছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল হতে পারে।
আদালতের নির্দেশে গত ২৮ জুলাই নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাশিশুর জন্ম দেয়। গত ১৭ মে আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুটির মা মদন থানায় মাদ্রাসা শিক্ষক সাগরের বিরুদ্ধে মামলা করেন। মদন থানার ওসি সালাহউদ্দিন করিম বলেন, শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের সঙ্গে মাদ্রাসা শিক্ষকের মিল পাওয়া গেছে। এ ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে।
- বিষয় :
- ডিএনএ টেস্ট