কক্সবাজারে ট্রলারডুবি, নিউজিল্যান্ডের ৩ পর্যটক জীবিত উদ্ধার-নিখোঁজ ১
ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৮:৫১ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ | ১৯:১৬
কক্সবাজারের বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের আঘাতে নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ১৬ বছর বয়সী এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের নাজিরারটেক চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। দুর্ঘটনার পর জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রাল্ফ (১৩) নামে পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পরিবারের দুই পুরুষ ও এক নারী সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে থাকা এক কিশোর সাগরে তলিয়ে যায়। তাকে উদ্ধারে অভিযান চলছে।
স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা কয়েক দিন ধরে কক্সবাজার ও আশপাশের এলাকা ভ্রমণ করছিলেন। মঙ্গলবার সকালে একটি ফিশিং ট্রলারে করে তারা সাগরে ঘুরতে বের হন। নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে উত্তাল সাগরের একটি বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি মাঝখান থেকে ভেঙে দুই ভাগ হয়ে যায়। এতে পরিবারের চার সদস্যই সাগরে পড়ে যান।
দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তারা তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আলবার্টকে খুঁজে পাননি।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি শুরু করে। স্থানীয় জেলেদের সহযোগিতায় সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন সমকালকে বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের বিশেষ দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’
- বিষয় :
- সমুদ্র
- নিউজিল্যান্ড