আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি- সংগৃহীত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ২৩:২৯
শিক্ষার্থীদের জন্য ২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলায় নির্ধারিত নম্বর না পেলে শিক্ষার্থীরা পাস করতে পারবে না।
মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার ওপর একটি বই চালু করা হবে। এতে ফুটবল, ক্রিকেটসহ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের আটটি ইভেন্ট সম্পর্কে বিষয়বস্তু থাকবে। বইভিত্তিক অংশে ৪০ নম্বর এবং মাঠের খেলায় ৬০ নম্বর থাকবে। মোট ১০০ নম্বরের মধ্যে নির্ধারিত নম্বর অর্জন না করলে শিক্ষার্থীকে পাস করানো হবে না।
তিনি বলেন, ‘সরকার পড়ালেখাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, একইভাবে সন্তানরা যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং মাদক থেকে দূরে থাকে, সে লক্ষ্যেই খেলাধুলাকে শিক্ষার অংশ করা হচ্ছে।’
আমিনুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সুযোগ দেওয়া হচ্ছে। দল-মত-নির্বিশেষে দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ ছাড়া জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- খেলা
- শিক্ষাক্রম