মাদকের ভয়াল থাবায় সমাজব্যবস্থা ধ্বংস হচ্ছে: চট্টগ্রাম জেলা প্রশাসক
ছবি- সমকাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০০:২৮
মাদকের ভয়াল থাবা সমাজের প্রতিটি স্তরকে গ্রাস করেছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের বাবা-মাকে বলব, সন্তানকে শুধু সার্টিফিকেট অর্জনের জন্য তৈরি করবেন না। তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলুন এবং মাদক থেকে দূরে রাখুন।’
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রাব্বি, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়। উপজেলার ৪০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে মোট ৮০ হাজার টাকা নগদ অনুদান দেওয়া হয়। এ ছাড়া সমাজকল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের ১ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
এ সময় সাতজন প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তির মধ্যে হুইলচেয়ার এবং শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২৬ জুলাই এই এলাকায় মাদক কারবারি নুরুল ইসলাম ওরফে ইরানকে কুপিয়ে ও গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা তাঁর বাড়িঘর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এর আগে ২০ জুলাই ইরান ও তাঁর সহযোগীরা ইয়াবা চুরির অভিযোগে মো. নাঈম নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও অগ্নিদগ্ধ করেন বলে অভিযোগ ওঠে। পরে ২৫ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়।
- বিষয় :
- মাদক
- সমাজ
- জেলা প্রশাসক