ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

আন্দোলনকারীদের পাশে সংসদ সদস্য

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন
×

প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুতের অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে গণঅনশন করে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমকাল

 নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:৪৪

| প্রিন্ট সংস্করণ

​বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। গতকাল মঙ্গলবার ​​সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে সংগঠনের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা প্রিপেইড মিটার স্থাপন করতে দেব না। যারা প্রিপেইড মিটার লাগাতে চায়, তাদের হাত আমরা দুমড়েমুচড়ে ভেঙে দেব। নারায়ণগঞ্জে ওয়াসা ফিরিয়ে আনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কোনো অযৌক্তিক সিদ্ধান্ত ও কার্যক্রম মেনে নেওয়া হবে না।
​নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল বলেন, ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না করলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে। 

আগের ডিজিটাল মিটার ফিরিয়ে দেওয়া, স্ল্যাবের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ৫০০ ইউনিটের নিচে কোনো স্ল্যাব না রাখার দাবি জানান মাহবুবুর রহমান ইসমাঈল। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে নেওয়া হাজার কোটির ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবে না? এটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পরে অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। তিনি অনশনকারীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বলেন, আমি নিজেও প্রিপেইড মিটারের এই সমস্যার একজন ভুক্তভোগী। সাময়িকভাবে এ কাজ স্থগিত রাখা হলেও চূড়ান্ত সমাধানের জন্য সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলব। আশা করি, সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে এ সমস্যার দ্রুত সমাধান আনা সম্ভব হবে।

​পরে সমাপনী বক্তব্যে সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাঈল আগামী কর্মসূচির রূপরেখা ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে ২৬ আগস্ট থেকে ৪ অক্টোবর নারায়ণগঞ্জের 
বিভিন্ন ওয়ার্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা, ১ সেপ্টেম্বর ঢাকায় বিদ্যুৎ ভবনের সামনে গণঅবস্থান এবং ৫ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন।
গণঅনশন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ বিভিন্ন এলাকার পঞ্চায়েত, মসজিদ কমিটির নেতারা।

আরও পড়ুন

×