হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩
ফাইল ছবি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১১:০২
নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।
নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানান, চারজন একটি নৌকায় করে নিয়মিত হাওরে মাছ ধরতে যেতেন। ভোররাতে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে রতন দাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। স্বজনদের দাবি, আহত তিনজনেরই কানে কম শোনার সমস্যা হচ্ছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
- বিষয় :
- বজ্রপাতে মৃত্যু
- আহত
- নেত্রকোনা