ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অবৈধভাবে সাড়ে ১৩ হাজার কেজি সার মজুদ, ২০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে সাড়ে ১৩ হাজার কেজি সার মজুদ, ২০ হাজার টাকা জরিমানা
×

অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৫:৪৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ১৫:৫৪

যশোরের চৌগাছায় অননুমোদিত দোকানে অবৈধভাবে সার মজুদের অভিযোগে খাইরুল ইসলাম (৪৫) নামে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ১৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ করা হয়।

বুধবার দুপুরে উপজেলার পৌর শহরের পারবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব জানান, পারবাজার এলাকায় অবৈধভাবে বেশি দামে সার মজুদ করে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দোকানি খাইরুল ইসলাম সার বিক্রির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তার দোকানে ২৮ বস্তা এমওপি, ১৪৭ বস্তা টিএসপি, ৯ বস্তা ডিএপি ও ৮৭ বস্তা ইউরিয়াসহ মোট ২৭১ বস্তা সার পাওয়া যায়। এসব সারের খুচরা মূল্য ৩ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা।

তিনি আরও জানান, সারগুলো জব্দ করে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেন। বৈধ লাইসেন্স ছাড়া বিপুল পরিমাণ সার মজুদের অপরাধ স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ও ১৮ ধারায় খাইরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে অবৈধভাবে সার মজুদ বা ব্যবসা করবেন না বলে মুচলেকা দেন।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) হোসেন পাটোয়ারী, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, উপজেলা সার ডিলার সমিতির সভাপতি ইউনূস আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার চৌগাছা থেকে অবৈধভাবে অন্যত্র পাচারের সময় ৩৭ বস্তা টিএসপি, ইউরিয়া, ডিএপি ও এমওপি সার আটক করে স্থানীয়রা। পরে এসিল্যান্ড জি এম এ মুনিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেগুলোও সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেন। এ ঘটনায় সার পরিবহনের দায়ে আলমসাধু চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
 

আরও পড়ুন

×