মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
এক জশনে জুলুশ সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি- সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৭:০৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ১৭:১৫
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আমি মনে করি, যা বলবেন সত্য বলবেন। কোরআন হাদিসে যা উল্লেখ আছে, সেটা বলেন। নিজের মত মনগড়া করে, আপনাদের সেই প্রতিষ্ঠাতা, ওই মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না ইনশাআল্লাহ।’
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামায়াতের আয়োজনে এক জশনে জুলুশ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরের একজন মাজারপন্থীকে আপনারা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। এটা কোন ইসলাম? আগে নিজের দিকে তাকান। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে মনে করেছিলেন, সরকার গঠন করে ফেলেছেন। কিন্তু এই বাংলাদেশের মাজার পন্থীরা, সনাতনীরা প্রমাণ করেছেন— যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে তারাই বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।
তিনি আরও বলেন, আমার যে বাক স্বাধীনতা, আমার যে ভাব, আমার যে চিন্তা চেতনা, সেটা শান্তিপূর্ণভাবে প্রকাশ করছি কিনা, সেটা দেখবেন। আপনারা মিথ্যা কথা বলে মুসলমান ভাইদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিন্ত দেবিগঞ্জ-বোদায় হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই মিলে আমাকে পঞ্চাশ হাজারের বেশি ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, ছাত্রদলের সাধারন রোকনুজ্জামান জাপান, বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আহলে সুন্নত ওয়াল জামায়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সমর্থকরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বাংলাদেশ
- প্রতিমন্ত্রী
- ঈদে মিলাদুন্নবী