কানাইপুরে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন ৫২৫ জন
ছবি- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৭:৫৬
ফরিদপুরের কানাইপুর কলেজিয়েট হাই স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার আনোয়ারা হামিদা আই হাসপাতালের চিকিৎসা ও কারিগরি সহযোগিতায় এবং ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে এ শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার ৫২৫ জন রোগী চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা নেন। পরীক্ষা শেষে ২৬০ জনকে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্য নির্বাচিত করা হয়েছে। অন্য রোগীদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও সাধারণ চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, নির্বাচিত রোগীদের পরবর্তী সময়ে ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবে আনোয়ারা হামিদা আই হাসপাতাল। হাসপাতালের স্বত্বাধিকারী ডা. মহসিন বেগ দীর্ঘদিন ধরে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের কার্যক্রম পরিচালনা করছেন।
চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী চৌধুরী ফরিয়াদ ইউসুফ, আনোয়ারা হামিদা আই হাসপাতালের স্বত্বাধিকারী ডা. মহসিন বেগ, ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল মো. ফারুক ইয়া আজম (অব.), সাধারণ সম্পাদক হায়দার আলী, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসেন, সমাজসেবক আবু সায়েম খান ও কামাল হোসাইন।
এ ছাড়া ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সদস্য মো. দেলোয়ার হোসেন, নির্মল কুমার বিশ্বাস, অধ্যাপক আলীমুজ্জামান, মজিবুর রহমান, শহীদ আল ফারুক, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম ঝিলু, মো. হারুন অর রশিদ, ফয়েজ আহমেদ সিদ্দিকী ও মো. আব্দুল হান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন ও লেন্স সংযোজনের সুযোগকে তাঁরা গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল মো. ফারুক ইয়া আজম (অব.) বলেন, ২০০৭ সাল থেকে ফরিদপুরের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ফোরামটি। এরই ধারাবাহিকতায় এবারের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগ সফল করতে স্থানীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়েছেন।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
- বিষয় :
- চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা
- ফরিদপুর