ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
×

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৮:১৮

কক্সবাজার সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক পর্যটক নিখোঁজ। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন। 

নিহত পর্যটক ইয়াছির খাঁন (২৫) ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিমও (২৩) একই এলাকার বাসিন্দা। তাদের পুরো পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। 

লাইফগার্ডের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের এসপি আজমল জানান, ঢাকার আফতাবনগর এলাকা থেকে পাঁচজন কক্সবাজার বেড়াতে আসেন। হোটেলে মালামাল রেখে তারা সকলে সৈকত এলাকায় গোসলে নামেন। সেখানে গোসলে নামা বিপদজনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল। কিন্তু তা খেয়ালে না করে গোসলে নামার কিছু সময় পর পাঁচজনই স্রোতে টানে ভেসে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠে আসেন। তবে ইয়াছির ও ইব্রাহিম ডুবে যান।

তিনি আরও জানান, তীরে উঠা পর্যটকরা বিষয়টি লাইফগার্ডকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারে নামে। তাদের প্রচেষ্টায় ইয়াছিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে ইব্রাহিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সী-সেইফ লাইফ গার্ড সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন

×