ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

গাছ লাগালে তাপমাত্রা কমবে, বৃষ্টিপাত বাড়বে: পরিবেশ প্রতিমন্ত্রী

গাছ লাগালে তাপমাত্রা কমবে, বৃষ্টিপাত বাড়বে: পরিবেশ প্রতিমন্ত্রী
×

ছবি- সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ২০:০৪

উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পরিবেশকে বসবাসের উপযোগী রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, গাছ লাগালে তাপমাত্রা কমবে, বৃষ্টিপাত বাড়বে এবং বিভিন্ন রোগবালাই ও মহামারির প্রকোপও কমিয়ে আনা সম্ভব।

বুধবার বিকেলে মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশজুড়ে বর্তমানে বৃক্ষরোপণের মহোৎসব চলছে। অঞ্চলভেদে উপযোগী বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। এ পর্যন্ত সারাদেশে ৩ কোটি ৫ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ২ কোটি চারা রোপণের পরিকল্পনা রয়েছে। বীজ সংগ্রহ করে এসব চারা উৎপাদন করা হচ্ছে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে ২ কোটি কেওড়া গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে চলতি বছরেই সারাদেশে ৫ কোটির বেশি গাছ রোপণ করা সম্ভব হবে। উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন ও অন্যান্য গাছপালা ঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ সুরক্ষায় উপকূলকে সরকার বিশেষ প্রাধান্য দিচ্ছে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ছে। এই আগ্রহকে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

কোস্ট গার্ড সূত্র জানায়, সরকারের বন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০ চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) কর্মকর্তা ক্যাপ্টেন মো. মেহেদী হাসান, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মহসিন রেজা এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিমসহ কোস্ট গার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×