ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ২০:৫৬
ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, ১৯৮৯ সালের ১২ রবিউল আউয়াল রাতে জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা এবং উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত মাওলানা খাজা ফরিদপুরী (রহ.) জাকের পার্টি প্রতিষ্ঠা করেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার মাগরিবের নামাজের পর ফরজ, সুন্নত ও নফল নামাজ আদায় এবং ধাপে ধাপে মিলাদ শরিফ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে পবিত্র কোরআন তিলাওয়াত ও মিলাদ শরিফ পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত জনসমাবেশে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশ ও জাতির উদ্দেশে বক্তব্য দেন।
মোস্তফা আমীর ফয়সল বলেন, বাংলাদেশের ভূখণ্ড দখল করে অন্য দেশের অংশ বানানোর ষড়যন্ত্র হলে জাকের পার্টির নেতাকর্মীরা দেশবাসীকে সঙ্গে নিয়ে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
তিনি বর্তমান সরকারকে আগামী দুই বছরের মধ্যে দেশের বিমান, স্থল ও নৌ প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
মোস্তফা আমীর ফয়সল বলেন, জাকের পার্টি ক্ষমতাকেন্দ্রিক দল নয়, আদর্শকেন্দ্রিক দল। বর্তমান রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, জাকের পার্টির মতো আদর্শকেন্দ্রিক দলের পক্ষেই বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব।
প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব শামীম হায়দারসহ কেন্দ্রীয় নেতারা। বক্তব্য শেষে কেক কাটা, পায়রা ও বেলুন উড্ডয়ন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
- বিষয় :
- জাকের পার্টি