ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কক্সবাজারে ট্রলারডুবি

৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
×

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ২১:১২

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা-সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর বুধবার বিকেলে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজারসংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা-সংলগ্ন নাজিরারটেক এলাকার সাগরে ভ্রমণের সময় নিউজিল্যান্ডের একই পরিবারের চার সদস্যকে বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ডের কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। তবে আলবার্ট নিখোঁজ ছিলেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, পরিবারের সদস্যদের কারও কারও ভিসা থাকলেও সেগুলোর মেয়াদ শেষ হয়েছে। আবার ১৩ বছর বয়সী রালফের ভিসা-সংক্রান্ত কোনো কাগজপত্রও পাওয়া যায়নি।

তিনি বলেন, ট্রলারডুবির পরপরই ঢাকায় অবস্থিত নিউজিল্যান্ড দূতাবাসকে বিষয়টি জানানো হয়। বুধবার বিকেলে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্সবাজারে পৌঁছেছেন।

ইউএনও জানান, আলবার্টের মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর জীবিত তিনজনকে নিউজিল্যান্ড দূতাবাসের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×