তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কয়েক লাখ মানুষের দুঃখ লাঘব হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ২১:২৬
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০২৭ সালেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব হবে।
তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে কৃষিকাজ, মাছ চাষ ও হাঁস পালন করতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা হবে।
বুধবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বকালের শ্রেষ্ঠ অনুসরণীয় আদর্শ। তাঁর শিক্ষা সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আজও সমানভাবে প্রাসঙ্গিক। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিরোধী দল কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সার ডিলাররাই এখনও দায়িত্ব পালন করছেন। বিএনপি সরকারের সময়ে নতুন কোনো ডিলার নিয়োগ দেওয়া হয়নি।
তিনি বলেন, আগের ডিলারদের বাতিল না করে শূন্য পদে ডিলার নিয়োগের জন্য দ্বিতীয় পরিপত্র জারি করা হয়েছে। পাশাপাশি তৃতীয় পরিপত্রের সময়সীমাও বাড়ানো হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
ভারতের উদ্দেশে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী বাংলাদেশের ন্যায্য হিস্যার পানি নিশ্চিত করা হলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ভবিষ্যতে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- তিস্তা
- পরিকল্পনা
- পানিসম্পদ প্রতিমন্ত্রী