ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রাসূলের শিক্ষায় পরিচালিত হতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে: স্থানীয় সরকারমন্ত্রী

রাসূলের শিক্ষায় পরিচালিত হতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে: স্থানীয় সরকারমন্ত্রী
×

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি- সমকাল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ২১:৪৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতিকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই আদর্শে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে। মহানবী (সা.) সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন, যার মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য কমানোর পথ তৈরি হয়েছিল।

বুধবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা বাস্তবায়ন করা গেলে সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও অনুদান দেওয়া হয়েছে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. আবদুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন

×