ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার
প্রতীকী ছবি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১২:৫৭
নওগাঁর রাণীনগরে ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ওই নির্যাতনের ঘটনা ঘটে। পরে সেদিন রাতে শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার শিশুকে আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার শিশুর পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, বুধবার বিকেলে ওই শিশু খেলা করছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর শিশুকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ঘরের মধ্যে নিয়ে ওই দুই কিশোর পালাক্রমে শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুর মা তাকে খুঁজতে থাকলে দুই কিশোর শিশুকে ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন জানতে পেরে ওই বাড়ি থেকে শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে দুই কিশোরকে অভিযুক্ত করেথানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে ১৫ ও ১৬ বছর বয়সী ওই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
ওসি জাকারিয়া মণ্ডল আরও জানান, ধর্ষণে শিশুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার দুই কিশোর। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- শিশু ধর্ষণ
- ধর্ষণ