ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কক্সবাজার সৈকতে রাস্তা নির্মাণ

ডিসিসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ 

ডিসিসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ 
×

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৯:১৮

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বৃহস্পতিবার ই-মেইল ও ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়।

নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান, প্রকল্প পরিচালক রাশিদুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাহাসকি জানকো।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, কক্সবাজার সমুদ্রসৈকতের বালুর ওপর বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হওয়ার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে। শুনানি শেষে ২০১১ সালে আদালত কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য রক্ষার পাশাপাশি বালুর মধ্যে স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেন।

তিনি বলেন, আদালতের ওই নির্দেশ অমান্য করে এর আগে সৈকতের বালুর মধ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলে আদালতের নির্দেশে দুই দফায় সেগুলো অপসারণ করা হয়।

নোটিশে বলা হয়েছে, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও কক্সবাজার পৌরসভা জাইকার অর্থায়নে একটি প্রকল্পের আওতায় সমুদ্রসৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণকাজ শুরু করেছে। আদালতের নির্দেশ অমান্য করে বালুর মধ্যে এ ধরনের নির্মাণকাজ করা আদালত অবমাননার শামিল।

আরও পড়ুন

×