ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ২১:৫৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ২২:০৩

গোপালগঞ্জে কৃষিজমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর বড়ফা গ্রামের মৃত সামচু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) ও তাঁর ছেলে মেহেদী হাসান খাঁ (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে মোটরের মাধ্যমে কৃষিজমিতে পানি দিতে যান এনায়েত খাঁ ও তাঁর ছেলে মেহেদী হাসান। মোটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে গিয়ে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।

পরে এনায়েত খাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে বাবা ও ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্বজনরা তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সকালে নিজেদের জমিতে পানি দিতে গিয়ে এনায়েত খাঁ ও তাঁর ছেলে মেহেদী হাসান বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×