ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের আমদানিনির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: জোনায়েদ সাকি

ফ্যাসিবাদী সরকারের আমদানিনির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: জোনায়েদ সাকি
×

কুমিল্লা টাউন হলে সেমিনারে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ১৯:৫৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ | ২০:০২

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, সরকার সর্বাত্মকভাবে গ্যাস এবং বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানি সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়। পতিত ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই আজকের সংকট বলে মন্তব্য করেন তিনি। 

আজ শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ী এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপনবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের যে চ্যালেঞ্জ এটাও সংকটের অন্যতম কারণ। ফলে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, আমরা আমাদের দেশের গ্যাস উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি ব্যাপকভাবে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির মজুত তৈরি করা এবং আমাদের নিজস্ব যে গ্যাস সংযোগ আছে, যেমন ভোলাতে ইতিমধ্যে আবিষ্কৃত সেখানকার গ্যাস কীভাবে ম্যানুয়ালি আনা যায় এসব উৎপাদনে মধ্যম মেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে আমরা এর সুফল পাবো। এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও বলেন, একমাত্র যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমাদেরকে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। এতে একদিকে আর্থিক চাপ তৈরি করেছে, অন্যদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে দীর্ঘ গণঅভ্যুত্থানের পরে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এবং এখনো যারা শরীরে ক্ষত নিয়ে জীবনযাপন করছেন, তাদের প্রতি আমাদের যে ঋণ সেটি হচ্ছে গণতান্ত্রিকভাবে এবং সমস্ত উন্নয়নকে পরিকল্পিতভাবে গড়ে তোলা।

সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি মনিরুল হক চৌধুরী। তিনি উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চাপ কমাতে বিকল্প আরেকটি মহাসড়ক অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রস্তাবিত মহাসড়কটি নির্মাণ হলে অবহেলিত কুমিল্লা উত্তরাঞ্চল কৃষি ও শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।

আরও পড়ুন

×