লিফট থেকে পড়ে রূপপুর প্রকল্পে কর্মরত শ্রমিক নিহত
উজ্জ্বল খন্দকার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ১৯:৫৮
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত অবস্থায় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে প্রকল্পের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল খন্দকার (৪০) ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর প্রকল্পে নিকিমথ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রকল্পে কর্মরত খায়রুল ইসলাম সবুজ নামের এক শ্রমিক জানান, শুক্রবার দুপুরে হাইড্রলিক ট্রলিতে কাজ করছিলেন শ্রমিক উজ্জ্বল। হঠাৎ ট্রলির জ্যাক ভেঙে তিনি পড়ে যান। এতে তাঁর মাথায় ও ডান পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাঁকে সহকর্মীরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী তাঁকে অ্যাম্বুলেন্সে রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ জানান, রূপপুর পুলিশ ফাঁড়ির মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।