ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
×

প্রতীকী ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ২১:১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে লেগুনার ধাক্কায় শাহাদাত হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

এ ছাড়া গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সড়ক পারাপারের সময় তেলের লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-আদমজী-চাষাঢ়া লিংক রোডের আদমজী রোডের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিদ্ধিরগঞ্জের প্রাণভল্লব মিষ্টি দোকানের কর্মচারী ছিলেন।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি লেগুনা সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার চালকের বাম পাশে বসা শাহাদাত হোসেন নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও একজন আহত হন। দুর্ঘটনার পর লেগুনার চালক গাড়িটি ফেলে পালিয়ে যান।

স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে হাইওয়ে পুলিশের রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও লেগুনা উদ্ধার করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পে হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন

×