কালীগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে জামাতার আত্মসমর্পণ
মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৩:০৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১৩:২২
গাজীপুরের কালীগঞ্জে মজিদ মোড়ল (৭০) নামে এক কলা ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার জামাতা মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫)। হত্যাকাণ্ডের পরদিন শনিবার সকালে থানায় গিয়ে ঘটনার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন তিনি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) মো.জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর বাজারের ভাঙ্গারি পট্টি গলিতে এ ঘটনা ঘটে। নিহত মজিদ মোড়ল জামালপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় কলা ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো মজিদ মোড়ল কলার ছড়া নিয়ে জামালপুর বাজারে যাচ্ছিলেন। ভাঙ্গারি পট্টি গলিতে ইলিয়াসের দোকানের সামনে পৌঁছালে পেছন থেকে মোজাম্মেল ধারালো কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেন। এতে গুরুতর আহত হন মজিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, প্রায় ১৭ বছর আগে মজিদ মোড়লের মেয়ে শাহানারার সঙ্গে মোজাম্মেলের বিয়ে হয়। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে মোজাম্মেল স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। প্রায় ১৫ দিন আগে মারধরের পর শাহানারাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই ছিলেন এবং স্বামীর সংসারে না ফেরার সিদ্ধান্ত জানিয়েছিলেন। মোজাম্মেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
এ ঘটনায় শুক্রবার রাতেই নিহতের ছেলে লিটন মোড়ল বাদী হয়ে মোজাম্মেল হককে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালায় পুলিশ।
ওসি মো. জাকির হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
- বিষয় :
- কুপিয়ে হত্যা
- আত্মসমর্পণ
- গাজীপুর