বিগত সরকারের সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কোনো স্থায়ী সমাধান করা হয়নি: বস্ত্র প্রতিমন্ত্রী
সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন করে বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: সমকাল
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৪:২১
বিগত সরকারের সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কোনো স্থায়ী সমাধান করা হয়নি বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, ক্ষমতায় আসার পর বিষয়টি সামনে এসেছে। বর্তমানে সংকট রয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই।
শনিবার সকাল ১১টায় কিশোরগঞ্জের ভৈরবে অপরাধ নির্মূল ও দ্রুত অপরাধী শনাক্ত করতে ভৈরব বাজার শহর ফাঁড়ি থানা চত্বরে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের সংকট দেখা দিয়েছে। এই সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। বিগত ১৭ বছরে বিদ্যুৎ উৎপাদনে ফাঁকি দেওয়া হয়েছে এবং দেশে গ্যাস উত্তোলনের একটি কূপও খনন করা হয়নি।
তিনি বলেন, ভৈরব বাজার ও অপরাধপ্রবণ এলাকাগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শহরে ইতোমধ্যে উন্নতমানের ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভৈরব শহরে আরও ৩০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
শরীফুল আলম বলেন, ভৈরবের মানুষ শান্তিতে ও চিন্তামুক্ত হয়ে ঘুমাতে চান। গুটিকয়েক মানুষ অপরাধী। পুলিশের পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। সবাই সচেতন হলে অপরাধ নির্মূল করা সম্ভব। অন্যায়ের প্রতিবাদ না করলে ভৈরব থেকে অপরাধ নির্মূল করা যাবে না।
ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মুহাম্মদ জাহিদুল হক জাবেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ অনেকে।