ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দেশে সারের সংকট নেই, সমস্যা বিতরণে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, সমস্যা বিতরণে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
×

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।। ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৫:২৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১৫:৪৮

দেশে চাহিদার তুলনায় বেশি সার রয়েছে, তবে সুষ্ঠু বিতরণে সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। কৃষকদের কাছে সার সহজে পৌঁছে দিতে প্রতি ইউনিয়নে সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে প্রশাসন ও জেলার নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে যাদের সার ডিলার নিয়োগ করা হয়েছে, তাদের অনেকেই একটি দলের অনুসারী। কেউ কেউ পারিবারিকভাবে ডিলার হয়েছেন। তাদের অনেকেই এখন পলাতক। আবার অনেক ডিলার ঠিকভাবে সার সরবরাহ করছেন না। তারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। সার নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আতঙ্ক ও গুজব ছড়ানোর সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছে দিতে প্রতি ইউনিয়নে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বর্তমানে যারা ডিলার রয়েছেন, তাদেরও বাদ দেওয়া হবে না।

ছোট ও বর্গাচাষিরা সার কিনতে সমস্যায় পড়েন উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, তাদের অল্প পরিমাণ সার প্রয়োজন হলেও অনেক সময় তারা ঠিকভাবে সার পান না। সরকার নির্ধারিত ১ হাজার ২০০ টাকার সার রাতের আঁধারে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। কেউ যেন নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকা বেশি দামে সার বিক্রি করতে না পারে, সে জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড়ে সারের সংকট দেখিয়ে অতিরিক্ত মুনাফা করার কোনো সুযোগ দেওয়া হবে না। কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার মজুদ ও জমিতে ব্যবহার না করার জন্যও তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও চেম্বারের সভাপতি শরিফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও সার ডিলাররা বক্তব্য দেন।

আরও পড়ুন

×