ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে চার খুন

বিচার বিভাগীয় তদন্তের দাবি রংপুর মহানগর নাগরিক কমিটির

বিচার বিভাগীয় তদন্তের দাবি রংপুর মহানগর নাগরিক কমিটির
×

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ। ছবি: সমকাল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৮:০৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১৮:২৩

দেশজুড়ে ব্যাপক আলোচিত ও নৃশংসভাবে খুন হওয়া রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত ও বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

শনিবার এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে স্থানীয় কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।

তিনি বলেন, শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সবাইকে নৃশংসভাবে খুনের ঘটনা প্রমাণ করে রংপুরসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। এ ঘটনায় দুজনকে আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ গণমাধ্যমে পুরো হত্যাকাণ্ড সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করেছে, সেই বক্তব্য জনমনে নানা প্রশ্ন, সংশয় এবং আস্থাহীনতার জন্ম দিয়েছে। এ ছাড়াও হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশের বয়ান, নিহতদের স্বজনের জবানবন্দি, ঘটনার পারিপার্শ্বিকতা, পুলিশ ও ফরেনসিক কর্মকর্তার বক্তব্য সাংঘর্ষিক। এই নৃশংস হত্যাকাণ্ডসহ দেশে সংঘটিত প্রতিটি হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও সঠিক তদন্ত প্রয়োজন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের বেপরোয়া করে তুলছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চার খুনের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হওয়া জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বিজয় প্রসাদ তপু, বীথি দাস নন্দিনী, মাহফুজ হোসেন, মসিউর রহমান, সবুজ রায়, মেহেদী হাসান তরুণ প্রমুখ।

আরও পড়ুন

×