ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটির ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে গেছে, চলাচল বন্ধ

রাঙামাটির ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে গেছে, চলাচল বন্ধ
×

ছবি: সত্রং চাকমা

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ২২:৩৮

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাঙামাটির অন্যতম ঝুলন্ত সেতুটি প্রায় চার ইঞ্চি পানিতে ডুবে গেছে। ঝুঁকি এড়াতে সেতুতে পর্যটকদের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার দুপুর ২টার দিকে সেতুর পাটাতনে চার ইঞ্চি পানি ওঠে।

পর্যটন কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। পানি বেড়ে যাওয়ায় শনিবার দুপুর ২টার দিকে রাঙামাটির অন্যতম এই ঝুলন্ত সেতুর ওপর চার ইঞ্চি পানি ওঠে। এতে পর্যটকদের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

রাঙামাটি সরকারি পর্যটনের হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, হ্রদের পানি বেড়ে যাওয়ায় শনিবার দুপুর ২টার দিকে ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর প্রায় চার ইঞ্চি পানি উঠেছে। কর্তৃপক্ষের নির্দেশনায় পর্যটকদের ঝুলন্ত সেতুর ওপর দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পরে হ্রদের পানি কমে গেলে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ঝুলন্ত সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট 
এদিকে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় উজান ও ভাটি অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল (মিন সি লেভেল)। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লেকের পানি দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে শনিবার রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে ১৬টি স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে দেওয়া হতে পারে। একই সঙ্গে ইনফ্লো বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেটের পানি নিষ্কাশনের পরিমাণ আরও বাড়ানো হবে। 

তিনি জানান, বর্তমানে এ বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। 

আরও পড়ুন

×