বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে হামলা, শ্রমিকদল নেতা-বর-কনে আটক
প্রতীকী ছবি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ২৩:১০
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে হামলা করে আটক বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় গ্রামপুলিশের এক সদস্যকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুরে উপজেলার সমসপাড়া সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, বর আল আমিন ও কনেকে আটক করেছে পুলিশ। আল আমিন ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান, ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে—এমন খবর পেয়ে তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থল থেকে বরের বয়স যাচাই করে তাকে আটক করা হয়। পরে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় বর পক্ষের লোকজন গাড়িটি আটকে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
ইউএনও বলেন, এ সময় পুলিশ ও তাঁর সঙ্গে থাকা স্টাফদের ওপর হামলার চেষ্টা করা হয়। গ্রামপুলিশ সাহাদাত হোসেন তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। এতে সাহাদাত কিছুটা আহত হন।
বিশা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সাহাদাত হোসেন বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ইউএনও বরকে আটক করে গাড়িতে তোলার পর বর পক্ষের লোকজন গাড়ি আটকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ইউএনওর ওপর হামলার চেষ্টা হলে তিনি তাঁকে রক্ষা করতে এগিয়ে যান। তখন তাঁকেসহ অন্যদের মারধর করা হয়। পরে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে হামলার খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মাহাতাব হোসেন, বর আল আমিন ও কনেকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
বিশা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোকছেদ হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় মাহাতাবকে আটক করা হয়েছে শুনে তিনি থানায় তাঁকে দেখতে এসেছেন।
ইউএনও মনিরুজ্জামান বলেন, বাল্যবিয়ে আয়োজন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।
- বিষয় :
- নওগাঁ
- বাল্যবিয়ে
- ভ্রাম্যমাণ আদালত
- হামলা
- আটক