পানির চাপ বাড়ায় ৩ ফুট করে খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট
কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হচ্ছে
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৩:০৭
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদে পানির চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতিটি গেট ৩ ফুট করে খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।
আজ রোববার সকাল ১০টা থেকে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে ৩ ফুট করে পানি ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী তারেক আহমেদ জানান, কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়তে থাকায় গতকাল শনিবার রাত ৮টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। তখন প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছিল।
পানির চাপ কমানো না যাওয়ায় শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে গেটগুলো ১ ফুট করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ১৮ হাজার কিউসেক পানি নদীতে পড়তে থাকে।
এরপর আজ রোববার ভোর ৭টা থেকে গেটগুলো ২ ফুট এবং সকাল ১০টা থেকে ৩ ফুট করে খোলা হয়েছে। এতে পানি ছাড়ার পরিমাণ বেড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেকে দাঁড়িয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ২ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদনের জন্যও প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে। পাঁচটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২৩০ মেগাওয়াট।
এদিকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে হ্রদের পানির উচ্চতা আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে চলতি বছরের ১৮ জুলাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। চার দিন পর পানির উচ্চতা স্বাভাবিক হলে ২২ জুলাই গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।
১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর বাঁধ নির্মাণ করে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। বাঁধ নির্মাণের ফলে প্রায় ৭০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে কাপ্তাই হ্রদ নামে কৃত্রিম জলাধার তৈরি হয়।
- বিষয় :
- বৃষ্টিপাত
- পাহাড়ি ঢল
- কাপ্তাই বাঁধ