মান্দায় তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার, হ্যান্ডকাফ ও স্বর্ণালংকার উদ্ধার
সংগৃহীত ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৩:৩৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ১৩:৪৬
নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসামিরা হলেন— দিনাজপুরের বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৯ আগস্ট) বিকেলে আসামিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় ভুয়া ডিবি পুলিশ সদস্যরা বিপুলের বাবা সুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হাতকড়া পরিয়ে দেন। পরে পরিবারের নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে পুরো ঘর তল্লাশির নামে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
প্রতারকদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে তাদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে আসামিরা পাশের জেলা রাজশাহীর বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলেন এবং আটক করে গণপিটুনি দেন।
ঘটনার খবর পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে বাগমারা থানা-পুলিশের সহায়তায় আসামিদের উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। রোববার সকালে আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- নওগাঁ
- ভুয়া পুলিশ