ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে গাছের সঙ্গে মুরগিবাহী পিকআপের ধাক্কা, হেলপার নিহত

নলছিটিতে গাছের সঙ্গে মুরগিবাহী পিকআপের ধাক্কা, হেলপার নিহত
×

মুরগিবাহী পিকআপটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। ছবি: সমকাল

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৪:১১

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে মুরগিবাহী একটি পিকআপের ধাক্কায় গাড়ির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ইমরান (৩৮)। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার মৃত মমিন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগিবাহী পিকআপটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। রাত তিনটার দিকে খেজুরতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার ইমরান ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশের সহায়তায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 

আরও পড়ুন

×