ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২

রূপগঞ্জে অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২
×

প্রতীকী ছবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২২:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন- তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)।

কারখানার শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রোববার সকালে অন্য শ্রমিকদের সঙ্গে মোজাম্মেল ও সাব্বিরও কাজে ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ মিলের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় কাছাকাছি থাকা মোজাম্মেল ও সাব্বির দগ্ধ হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মোজাম্মেল প্রধানের স্ত্রী আমেনা বেগম জানান, বিস্ফোরণে তার স্বামীর শরীরের প্রায় অর্ধেক অংশ ঝলসে গেছে। সাব্বিরও গুরুতর দগ্ধ হয়েছেন বলে তিনি জানান।

তবে বয়লারটি ঠিক কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বয়লারের রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি, অতিরিক্ত চাপ কিংবা অন্য কোনো কারণে এ বিস্ফোরণ ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে দুর্ঘটনার সময় কারখানার নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দুর্ঘটনার পর সিটি গ্রুপ কর্তৃপক্ষের বক্তব্য জানতে কারখানায় যোগাযোগের চেষ্টা করা হলেও সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দুর্ঘটনার বিষয়ে কোনো কর্মকর্তা বক্তব্যও দেননি। ফলে বয়লারটির রক্ষণাবেক্ষণ, বিস্ফোরণের সম্ভাব্য কারণ এবং শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দগ্ধ শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×