ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
×

ছবি: সমকাল

‎ফরিদপুর অফিস

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৯:১২

ফরিদপুরে স্ত্রী হাসিনা বেগমকে হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফরহাদ মোল্লা (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, যৌতুকের জন্য স্ত্রী হাসিনা বেগমকে প্রায়ই চাপ দিতেন ফরহাদ মোল্লা। একপর্যায়ে তিনি হাসিনার পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় ২০২৩ সালের ৩১ মে রাত থেকে ১ জুন সকালের মধ্যে কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।

হত্যাকাণ্ডের খবর পেয়ে নিহতের বাবা মোসলেম খলিফা মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রামের ঘরের মধ্যে হাসিনার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ওই দিনই তিনি বাদী হয়ে ফরহাদ মোল্লাসহ কয়েকজনের বিরুদ্ধে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন।

পরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে ফরহাদ মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।‎

‎রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, আদালতের ঘোষিত রায়ে আমরা সন্তুষ্ট। এ ধরনের দৃষ্টান্তমূলক রায়ের ফলে ভবিষ্যতে সমাজে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলে আমরা আশা করি।

আরও পড়ুন

×