ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভূমি অফিসে আগাম হাজিরা দেখে প্রতিমন্ত্রী বললেন, ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

ভূমি অফিসে আগাম হাজিরা দেখে প্রতিমন্ত্রী বললেন, ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’
×

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২০:১৫

নারায়ণগঞ্জের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে পাননি ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অনুপস্থিত থাকা কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর হাজিরা খাতায় আগেই স্বাক্ষর করা ছিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে নিজ গাড়িতে করে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে যান প্রতিমন্ত্রী। এ সময় পাশাপাশি অবস্থিত নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা সার্কেল ও সিদ্ধিরগঞ্জ সার্কেল ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।

প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় তিনটি অফিসে মাত্র তিন থেকে চারজন কর্মচারীকে উপস্থিত পাওয়া যায়। নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাউকে তখন অফিসে পাওয়া যায়নি।

পরিদর্শনের সময় হাজিরা খাতা দেখেন প্রতিমন্ত্রী। সেখানে অনুপস্থিত অনেক কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষর আগেই দেওয়া রয়েছে বলে তিনি দেখতে পান।

প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে তাকে প্রশ্ন করেন প্রতিমন্ত্রী। অতিরিক্ত জেলা প্রশাসক এ বিষয়ে তার ব্যাখ্যা দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় কয়েকজন সেবাগ্রহীতা তার কাছে হয়রানির অভিযোগ তুলে ধরেন। অফিসগুলোর সার্বিক কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

আগাম হাজিরা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণ দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিত থেকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী পৌনে ৯টায় অফিসে যান। আপনারা যদি এমন করেন, তাহলে কি আমরা সেবাটা দিতে পারব? সরকারি দপ্তরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।’

পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নিলেই হবে না; সরকারি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

সরকারি দপ্তরে জনগণকে হয়রানিমুক্ত ও যথাযথ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

×