মসজিদে বিস্ফোরণ
প্রতিবেদন দেয়নি জেলা প্রশাসনের তদন্ত কমিটি
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০ | ০৯:৫৪
দ্বিতীয় দফা সময় পেয়েও সোমবার নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেনি নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি। তারা আরও সাত দিনের সময় চেয়েছে। সংশ্নিষ্টরা বলছেন, অতীতেও বিভিন্ন ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এবারও তেমন ঘটে কি-না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, প্রতিবেদন দাখিল করতে আবারও সাত দিনের সময় চেয়ে আবেদন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। তিনি বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সবদিক বিবেচনা করেই একটি বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন তারা। এ কারণে তদন্ত কমিটিকে আরও পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই কমিটিতে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস ও ডিপিডিসির কর্মকর্তা রয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর বিস্ফোরণ ঘটনার একদিন পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দাখিল করতে পাঁচ দিনের সময় দেওয়া হলেও নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর কমিটি গত ১০ সেপ্টেম্বর আরও সাত দিনের সময় আবেদন করে। ওই সময় শেষ হওয়ার আগেই সোমবার দ্বিতীয় দফায় আরও সাত দিনের সময় চাইলে পাঁচ দিন সময় বাড়ানো হয়।
বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের পাশাপাশি সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, তিতাস ও ডিপিডিসি থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কোনো কমিটিই এখন পর্যন্ত তাদের প্রতিবেদন দাখিল করেনি।
