রেলই জানে না কবে শেষ হবে প্রকল্পের কাজ
ছাতক বাজার এলাকায় রেলের অসম্পূর্ণ প্রকল্প। শনিবার তোলা সমকাল
শাহ মো. আকতারুজ্জামান, ছাতক (সুনামগঞ্জ)
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
সিলেট-ছাতক রেলপথ সংস্কারের নির্ধারিত মেয়াদ শেষ হলেও শেষ হয়নি প্রকল্পের কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত সপ্তাহে। বাকি রয়েছে ৭৫ শতাংশ কাজ। কবে নাগাদ এ কাজ শেষ হবে, এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর নেই তাদের কাছে।
রেলওয়ের সংশ্লিষ্টদের কয়েকজন জানান, কর্তৃপক্ষের উদাসীনতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। একই অভিযোগ স্থানীয়দেরও। এ নিয়ে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৯৫৪ সালে সিলেট থেকে ছাতক বাজার পর্যন্ত এই রেলপথ নির্মাণ করা হয়। শিল্পনগরী হিসেবে পরিচিত ছাতক উপাজেলার সিমেন্ট, চুনাপাথর, বালু ও পাথরসহ বিভিন্ন পণ্য পরিবহনে দীর্ঘদিন এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। পাশাপাশি কম খরচে ভ্রমণের জন্য সাধারণ মানুষের অন্যতম প্রধান ভরসা ছিল এই ট্রেন সার্ভিস।
২০২২ সালের ভয়াবহ বন্যায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের ব্যাপক ক্ষতি হয়। এর আগে থেকে সংস্কারের অভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। সম্প্রতি ২১৭ কোটি ৩৪ লাখ চার হাজার ৩৬৯ টাকা ব্যয়ে সিলেট-ছাতক রেলপথ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
২০২৫ সালের ২ জানুয়ারি সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রকল্পটি অনুমোদিত হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতার হোসেন লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মেয়াদ শেষ হলেও নতুন ট্র্যাক স্থাপনসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।
সরেজমিন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ, হাসনাবাদ, কালারুকা, মাধবপুর, ছৈলা-আফজলাবাদ, ছাতকপুর এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রেলপথ সংস্কারকাজ বর্তমানে বলতে গেলে থমকে রয়েছে। প্রায় ৩৪ কিলোমিটার পুরোনো রেলপথ অপসারণ করা হলেও নতুন লাইন বসানোর কাজ শেষ হয়নি।
সিলেট রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মাসুদ পারভেজ ২৫ শতাংশ কাজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি কাজ কবে নাগাদ শেষ হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতার হোসেন লিমিটেডের প্রকৌশলী সজিবুর রহমান দাবি করেন, প্রকল্পের সব কাজ চলমান রয়েছে এবং আগামী মাসে ১০টি কালভার্ট নির্মাণের কাজ শেষ হবে।
প্রকল্প ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, দেড় বছরের মেয়াদের মধ্যে দুটি বর্ষাকাল থাকায় এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে বিদেশ থেকে প্রয়োজনীয় মালামাল আমদানি ব্যাহত হয়েছে। এতে করে পিছিয়ে গেছে প্রকল্পের কাজ। প্রকল্পের বাকি কাজ শেষ করতে আরও এক বছর অন্তত সময় বাড়ানোর আবেদন করা হয়েছে এবং সময় পাওয়া গেলে বাকি কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
- বিষয় :
- রেল