ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র হয়েছিল: হুইপ দুলু

জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র হয়েছিল: হুইপ দুলু
×

ছবি: সমকাল

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৭

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার নাটোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ মন্তব্য করেন তিনি। হুইপ বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং বিএনপি আরও সংগঠিত হয়েছে। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন, আজ তারাই নিশ্চিহ্ন হয়ে গেছেন।’ 

হুইপ দুলু আরও বলেন, আজকের এই বিএনপিকে ৪৮ বছর আগে জন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান। এই দল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন দলের নেতাকর্মীরা। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন এবং জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি।

সমাবেশে জেলা বিএনপির সদস্য ও হুইপ দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নাটোরের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে। দমন-নিপীড়নের রাজনীতি ছেড়ে দেশের উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ‘গণতান্ত্রিক বাংলাদেশ’। এই গণতান্ত্রিক দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের প্রত্যাশা।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, দলের প্রতিষ্ঠাতাকে ১৯৮১ সালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়। তারেক রহমানকে দেশত্যাগে বাধ্য করা হয়। তারপরও জিয়া পরিবার দেশের জনগণের সঙ্গে আছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করে।

এর আগে আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুল।

আরও পড়ুন

×