ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ-মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ-মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ
×

সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫০

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে রংপুর কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এর আগে সোমবার আদালতে তাদের তিন দিনের রিমান্ড আবেদন করা হয়।

তবে রংপুর মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল ইসলাম দুই দিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই ও আসামিদের দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। এ কারণে আদালতে রিমান্ড আবেদন করা হয়। তবে আসামিরা এরই মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেওয়ায় তাদের আর রিমান্ডে নেওয়ার সুযোগ নেই। তাই আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই মামলায় দুজন সাক্ষীও আদালতে জবানবন্দি দিয়েছেন।

পুলিশের ভাষ্য, ইয়াবা সেবনের বিষয়টি গণপতি চক্রবর্তী দেখে ফেলায় এবং সামাজিক সম্মানহানির আশঙ্কায় তাঁকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও একইভাবে হত্যা করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার দিন সিদ্ধার্থ ও মুগ্ধ ৮ থেকে ৯টি ইয়াবা সেবন করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এখন নতুন করে পাওয়া তথ্যগুলো যাচাই করতে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×