হাসপাতালে রোগী সেজে স্বর্ণের চেইন চুরি, এক্স-রেতে মিলল পেটে
ছবি-সংগৃহীত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৯ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩৯
নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে রোগী সেজে এক নারীর গলা থেকে দুটি স্বর্ণের চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে তল্লাশি করে চেইন দুটি পাওয়া না গেলে এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব শনাক্ত হয়।
মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেটের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন বিবি ফাতেমা নামে এক নারী। আউটডোরে চিকিৎসকের কাছে দেখানোর জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন নারী তাকে ধাক্কাধাক্কি করেন। এ সুযোগে তার গলায় থাকা দুটি স্বর্ণের চেইন খুলে নেওয়া হয়। চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় সিনারা বেগমকে রোগীর স্বজনরা আটক করেন।
পরে তার দেহ তল্লাশি করে চেইন দুটি পাওয়া যায়নি। একপর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চেইন দুটি গিলে ফেলার কথা জানান।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণের চেইন দুটি গিলে ফেলার কথা জানান। এরপর এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়।
তিনি বলেন, ওই নারী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পেট থেকে চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।