ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষিত বেকারদের সুদমুক্ত ঋণ দেওয়া হবে: গৃহায়ন প্রতিমন্ত্রী

শিক্ষিত বেকারদের সুদমুক্ত ঋণ দেওয়া হবে: গৃহায়ন প্রতিমন্ত্রী
×

ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৪

দেশের শিক্ষিত বেকার যুবকদের ব্যবসা পরিচালনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। জেলা প্রশাসকদের মাধ্যমে শিক্ষিত বেকারদের তালিকা তৈরি করে এ ঋণ দেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আহম্মদ সোহেল মনজুর বলেন, দেশের বেকারত্ব দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। জেলা প্রশাসকদের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের তালিকা তৈরি করা হবে। এরপর তাদের ব্যবসা পরিচালনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

দেশের অর্থনীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকার গত ১৭ বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সপ্তাহের সাত দিনই সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে দুস্থ ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে অনেক নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে।

পিরোজপুরের উন্নয়ন প্রসঙ্গে আহম্মদ সোহেল মনজুর বলেন, অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়মের অবসান ঘটিয়ে জেলায় বন্ধ থাকা উন্নয়নকাজগুলো শিগগিরই পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভ টিজিং ও সন্ত্রাস নির্মূল করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতিতে নিজে কী পেলেন, তা না ভেবে সমাজ ও রাষ্ট্রকে কী দিতে পারলেন, তা ভাবুন।’ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রেখে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মল্লিক জোমাদ্দার।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলোতে শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুন

×